হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীদের ভিড়। ফলে শয্যা না পেয়ে ওয়ার্ডের বাইরে মেঝেতে শয্যা পেতে শুয়ে ছিলেন ১০ থেকে ১২ জন রোগী। তাঁদের মধ্যে জন্ডিস আক্রান্ত এক রোগীর সঙ্গে ছিলেন দুই স্বজন। তাঁদের মাথার ওপর ঝুলছিল একটি মাল্টিপ্লাগ। সেখান থেকে আরও কয়েকটি মাল্টিপ্লাগে সংযোগ নিয়ে চলছে বৈদ্যুতিক পাখা, নেবুলাইজার।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ড ও রেডিওলজি ওয়ার্ডের মাঝখানে দেখা গেল এমন চিত্র। এটি মূলত হাসপাতালের চলাচল ও স্বজনদের অপেক্ষার স্থান। মেডিসিন ওয়ার্ডে শয্যার তুলনায় রোগীর সংখ্যা প্রায় দেড়গুণ হওয়ায় এভাবেই সেখানে সেবা দিতে হচ্ছে রোগীদের।