National
রোজ অব শ্যারনের গল্প
আট বছর আগে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। জেওলবুক-দো জেলার জেওনজু শহরে গ্রামীণ উন্নয়ন প্রশাসন (আরডিএ) সদর দপ্তরে ছিল সে আয়োজন। আরডিএ হলো দক্ষিণ কোরিয়ার কৃষি গবেষণা ও উন্নয়নের জন্য কেন্দ্রীয়
লেখক মৃত্যুঞ্জয় রায়76K বার পড়া

আট বছর আগে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। জেওলবুক-দো জেলার জেওনজু শহরে গ্রামীণ উন্নয়ন প্রশাসন (আরডিএ) সদর দপ্তরে ছিল সে আয়োজন। আরডিএ হলো দক্ষিণ কোরিয়ার কৃষি গবেষণা ও উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা। সেই সুবাদে সেখানকার কৃষি কারিগরি কেন্দ্রটি পরিদর্শনের সুযোগ হয়েছিল। সেই কেন্দ্রে প্রবেশের আগেই স্বচ্ছ কাচঘেরা অপূর্ব ছোট্ট একটি উদ্যান চোখে পড়ল। প্রবেশমুখে সারি করে লাগানো অনেকগুলো জবা ফুলের গাছ। পাতা ও ফুল দেখেই জবা মনে হলো; কিন্তু জবার মতো ফুল হলেও সেটির রং বেগুনি। অক্টোবরেও দুপুরের রোদের আঁচে ফোটা ফুলের পাপড়িগুলো কুঁকড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করতেই সঙ্গের কোরিয়ান গাইড বললেন, ‘তুমি যাকে জবা ভাবছ, এটি তা নয়। এর নাম রোজ অব শ্যারন, কোরিয়ান ভাষায় ওকে আমরা বলি মুগুংহওয়া। মুগুংহওয়া মানে হলো অনন্তকাল বা অক্ষয় প্রাচুর্য। এটি আমাদের জাতীয় ফুল, আমাদের দেশের ইতিহাস ও অদম্য চেতনার এক গভীর প্রতীক হিসেবে আমরা একে মনে করি।’



