ছেলেটির বাড়ি উত্তরাঞ্চলে। মেয়েটির দক্ষিণাঞ্চলে। দুজনের পরিবারই ঢাকায় থাকে। একই কলেজে একাদশ শ্রেণিতে পড়ে তারা। দুজনের গায়েই ছিল কলেজের সাদা পোশাক। পরিবারের আপত্তির কারণে তারা অজানার পথে পা বাড়িয়েছিল। তাদের যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো, ততক্ষণে আহত মেয়েটির সাদা ইউনিফর্মের একাংশ ভিজে লাল হয়ে গেছে।
সোমবার বিকেল ৫টায় পাবনার মাঝগ্রাম রেলস্টেশনে দুর্ঘটনার শিকার হয় তারা। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল তারা। মাঝগ্রাম স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় আহত মেয়েটিকে আবার সেই বনলতা এক্সপ্রেসেই রাজশাহী নিয়ে আসা হয়। রাত আটটার দিকে তাকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে। এখন অজানার পথ থেকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছে অপ্রাপ্তবয়স্ক এই দুই কলেজশিক্ষার্থী।