মগড়ায় তখন জোয়ার-ভাটা হতো। নদীর বুক দিয়ে পালতোলা নৌকা, স্টিমার ও লঞ্চ চলত। বরিশাল, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় মহাজনি নৌকা আসত। ধান-পাট বোঝাই করে ব্যবসায়ীরা ফিরে যেতেন দেশের নানা প্রান্তে। নদীতে ছিল স্রোত, নৌযান আর মানুষের কোলাহল।
নেত্রকোনা শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীর এমন অবস্থা দেখেছেন শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা ও ছড়াকার শ্যামলেন্দু পাল (৭৮)। তাঁর ভাষায়, ছয় দশক আগেও মগড়া ছিল প্রমত্ত। এখন তা শুধুই স্মৃতি। দখল ও দূষণে নদীটি এখন অনেকটা নিশ্চল ও অপরিচ্ছন্ন।