National
এক সপ্তাহে বিলীন শতাধিক বিঘা ফসলি জমি, ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি–প্রতিষ্ঠান
তিন দশকে দুইবার পদ্মার ভাঙনে বসতঘর-জমি হারিয়ে এখন প্রায় নিঃস্ব আব্দুস সামাদ সরদার। দুই দফায় ভাঙনের পর ঠাঁই নিয়েছেন কাওয়ালজানি গ্রামে। সেখানে অবশিষ্ট যতটুকু জমি আছে, সেটাও এবার পদ্মা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় পড়েছে।
লেখক এম রাশেদুল হক173K বার পড়া

তিন দশকে দুইবার পদ্মার ভাঙনে বসতঘর-জমি হারিয়ে এখন প্রায় নিঃস্ব আব্দুস সামাদ সরদার। দুই দফায় ভাঙনের পর ঠাঁই নিয়েছেন কাওয়ালজানি গ্রামে। সেখানে অবশিষ্ট যতটুকু জমি আছে, সেটাও এবার পদ্মা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় পড়েছে।
৮৫ বছর বয়সী আব্দুস সামাদ সরদার প্রথম আলোকে বলেন, ‘এখন ভাঙলে যাওনের আর কোনো জায়গা নাই।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামে বসবাস করছেন আব্দুস সামাদ সরদার। তিনি বলেন, আগে তাঁর বাড়ি ছিল দেবগ্রাম এলাকায়। ৩০ বছর আগে ভাঙনে সব হারিয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে বেথুরী এলাকায় বাড়ি করেন। সেখানে তাঁর জমিজমায় অনেক লোক কাজ করতেন। সেই বাড়িও ভেঙে গেছে ১৮ বছর আগে। বর্তমানে কাওয়ালজানি গ্রামের এখানেও নদীভাঙন ঘরের কোনায় ঠেকেছে। ভাঙনের কবলে যেকোনো সময় বাড়ি সরাতে হবে।



