চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় পিকআপ ভ্যানের চাপায় অন্তঃসত্ত্বা একটি কুকুরের মৃত্যুর ঘটনায় করা মামলায় সরকারি গাড়িচালক বাবলা ঘোষের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গাড়িচালক। আজ রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী নাজনীন সুলতানা প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা গাড়িচালক ও নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। তদন্ত শেষে পুলিশ গাড়িচালক বাবলা ঘোষকে আসামি করে গত ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৪ অক্টোবর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।