ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
যেদিকে চোখ যায়, লেবুগাছ। বাড়ির আঙিনা থেকে বিস্তীর্ণ মাঠ পর্যন্ত সবুজ বাগান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ছয় গ্রামে গত প্রায় দেড় যুগে লেবু হয়ে উঠেছে প্রধান অর্থকরী ফসল। প্রতিদিন এলাকায় বসছে ল
লেখক মোস্তাফিজুর রহমান··65K বার পড়া
ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
যেদিকে চোখ যায়, লেবুগাছ। বাড়ির আঙিনা থেকে বিস্তীর্ণ মাঠ পর্যন্ত সবুজ বাগান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ছয় গ্রামে গত প্রায় দেড় যুগে লেবু হয়ে উঠেছে প্রধান অর্থকরী ফসল। প্রতিদিন এলাকায় বসছে লেবুর হাট, আসছেন দেশের নানা জেলার পাইকারেরা।
কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৯৫ কোটি টাকার লেবু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজার অনুকূলে থাকলে বেচাকেনার পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়াতে পারে। কিন্তু প্যাকেজিং, সংরক্ষণ ও পরিবহনের ঘাটতিতে একবার শুরু হয়েও রপ্তানি থেমে গেছে।
ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর, গোপীনাথপুর, সোয়াইতপুর, বেতবাড়ী, কাহালগাঁও ও দোলমা—এই ছয় গ্রামে লেবু চাষের বিস্তার ঘটেছে। স্থানীয়ভাবে এলাকাটি ‘লেবুর সাম্রাজ্য’ নামে পরিচিত। আড়াই থেকে তিন হাজার কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লেবু চাষের সঙ্গে যুক্ত। স্থানীয় কৃষকদের দাবি, ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ জমিতেই লেবুর বাগান।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশ থেকে মাঠের পর মাঠ লেবুর বাগান। কোথাও কলম্বো, কোথাও সিডলেস (বীজহীন) জাত। বাগান থেকে তোলা লেবু বস্তায় ভরে নেওয়া হচ্ছে এনায়েতপুর বাজারে। সেখানে পাইকারদের সঙ্গে দরদাম করে বিক্রি করছেন কৃষকেরা।
সোয়াইতপুর গ্রামের কৃষক মাসুদ তালুকদার তিন বছর আগে ছয় একর জমিতে সিডলেস ও কলম্বো জাতের লেবুর বাগান করেন। গত মৌসুমে তিনি প্রায় ২০ লাখ টাকার লেবু বিক্রি করেছেন। এবার দাম ভালো থাকলে ৩০ লাখ টাকার আশা করছেন তিনি। তিনি জানান, প্রায় দেড় যুগ আগে কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে লেবু চাষ শুরু করেন। এখন ইউনিয়নের কৃষকদের প্রধান অর্থকরী ফসল লেবু।
একই গ্রামের মকবুল হোসেন ৩২ কাঠা জমিতে কলম্বো জাতের লেবু চাষ করেছেন। এ পর্যন্ত তিনি দুই লাখ টাকার লেবু বিক্রি করেছেন। মৌসুমের বাকি সময়ে আরও পাঁচ লাখ টাকার লেবু বিক্রির আশা তাঁর।
সোয়াইতপুর গ্রামের একটি লেবুবাগানে শ্রমিকের কাজ করেন মো. রব্বানী। লেবু সংগ্রহ, জমি প্রস্তুত, গাছের পরিচর্যা, সার ও পানি দেওয়া—সারা বছরই নানা কাজে ব্যস্ত থাকতে হয় তাঁকে।
রব্বানীর ভাষ্য, সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করেন তিনি। প্রতিদিন মজুরি পান ৬০০ টাকা। এ আয় দিয়েই চলে সংসার। একই সঙ্গে নিয়মিত কাজের সুযোগ থাকায় কাজ খুঁজে বেড়ানোর ঝামেলাও নেই।
এনায়েতপুরে লেবু প্যাকেজিং ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা নেই। কৃষকদের মতে, আধুনিক প্যাকেজিং কেন্দ্র, সংরক্ষণাগার ও পরিবহন গড়ে উঠলে অপচয় কমবে, দেশের বড় শহর ও বিদেশে সরাসরি লেবু পাঠানো যাবে, কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন।
এনায়েতপুর বাজারে বসে দেশের অন্যতম বড় লেবুর হাট। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সামনের এলাকায় সড়কের পাশে চলে বেচাকেনা। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পাবনা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসেন পাইকারেরা।
কৃষক ও পাইকারদের হিসাবে, প্রতিদিন এই হাটে গড়ে ২৫ থেকে ৩০ লাখ টাকার লেবু বিক্রি হয়। কলম্বো জাতের লেবু প্রতি বস্তা (৪০ কেজি) ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। সিডলেসের বস্তা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, কাগজি লেবুর বস্তা ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা।
ঢাকার পাইকার আবু হানিফা সপ্তাহে দুই–তিনবার এই হাটে আসেন, কেনেন ১২০ থেকে ১৫০ বস্তা লেবু। আবু হানিফা বলেন, এখন বাজারে লেবুর সরবরাহ কম, চাহিদা বেশি। এ কারণে দামও তুলনামূলক বেশি।
এনায়েতপুর বাজারটি এক কোটি চার লাখ টাকায় এক বছর মেয়াদে ইজারা নিয়েছেন স্থানীয় দৌলত আলী। তিনি বলেন, হাটে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার বস্তা লেবু কেনাবেচা হয়। রোজার সময় প্রতি বস্তা লেবু ৫ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। বর্তমানে প্রতি বস্তা লেবু থেকে ২০ টাকা করে খাজনা আদায় করা হয়।
ফুলবাড়িয়া উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, ফুলবাড়িয়ায় এবার ৭৫৪ দশমিক ৮ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। এর মধ্যে কলম্বো ৪৫৩ হেক্টর, সিডলেস ২৮৩ হেক্টর, কাগজি ১৫ হেক্টর ও জারা জাতের লেবু ৩ দশমিক ৮ হেক্টর। এনায়েতপুর ইউনিয়নেই আছে প্রায় ৫৫০ হেক্টর লেবুর বাগান।
কৃষি বিভাগের হিসাবে, কলম্বো জাতের প্রায় ৬৩ কোটি ৪২ লাখ এবং সিডলেস প্রায় ৩১ কোটি ১৩ লাখ টাকার লেবু পাওয়ার সম্ভাবনা আছে। কাগজি ও জারা জাতের লেবুর বাজারমূল্য যোগ করে সব মিলিয়ে চলতি মৌসুমে বিক্রি হতে পারে প্রায় ৯৫ কোটি টাকার লেবু। বাজার অনুকূলে থাকলে বছরে তা ১০০ কোটি টাকা ছাড়াতে পারে।
২০১৮–১৯ অর্থবছরে রপ্তানিকারকদের মাধ্যমে এই এলাকার ২০০ থেকে ২৫০ টন লেবু মধ্যপ্রাচ্যে গিয়েছিল। ফুলবাড়িয়া উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু রায়হান বলেন, সিলেটের পুরোনো লেবুবাগান কেটে ফেলার পর বিকল্প উৎস হিসেবে রপ্তানিকারকেরা এনায়েতপুর থেকে লেবু সংগ্রহ শুরু করেন। কৃষকেরা সে সময় প্রতি কেজি লেবু প্রায় ১০০ টাকায় বিক্রি করে লাভবান হন। কিন্তু সেই রপ্তানি ধরে রাখা যায়নি।
আবু রায়হানের ভাষ্য, সিলেটের লেবু আকারে বড় হওয়ায় রপ্তানিকারকেরা সেটিকেই গুরুত্ব দেন। এ ছাড়া এনায়েতপুরের কৃষকদের নিজস্ব পরিবহন ও মানসম্মত ক্রেট বা কার্টনের ব্যবস্থা নেই। বস্তায় করে ঢাকায় পাঠাতে গিয়ে লেবুর গায়ে দাগ পড়ে যেত, পৌঁছানোর পর প্রায় ৫০ শতাংশ লেবুই বাতিল হতো।
কৃষি বিভাগের প্রকল্পের আওতায় প্রদর্শনী হিসেবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এনায়েতপুরে জারা জাতের লেবুর আবাদ শুরু হয়। পূর্ণবয়স্ক বাগানে বছরে হেক্টরপ্রতি ১০ থেকে ১৫ মেট্রিক টন ফলনের সম্ভাবনা আছে। কিন্তু স্থানীয় হাটে এর চাহিদা নেই, পাইকারেরাও কিনতে আগ্রহী নন। ঢাকা বা সিলেটে প্রতি কেজি প্রায় ৭০ টাকায় বিক্রির সম্ভাবনা থাকলেও পরিবহন খরচ ও ক্রেতার অভাবে সেখানে পাঠাতে পারছেন না কৃষকেরা। লোকসানের আশঙ্কায় আছেন তাঁরা।
এনায়েতপুরে লেবু প্যাকেজিং ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা নেই। নেই শীতাতপনিয়ন্ত্রিত পরিবহন ও রপ্তানিযোগ্য লেবু বাছাইয়ের সুযোগ। কৃষকদের মতে, আধুনিক প্যাকেজিং কেন্দ্র, সংরক্ষণাগার ও পরিবহন গড়ে উঠলে অপচয় কমবে, দেশের বড় শহর ও বিদেশে সরাসরি লেবু পাঠানো যাবে, কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন। ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রথম আলোকে বলেন, রপ্তানির বিষয়টি উপজেলা কৃষি বিভাগের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর সঙ্গে অনেক বিষয় জড়িত। জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একজন প্রতিনিধির সমন্বয়ে একটি দল এলাকাটি পরিদর্শন করেছে। দলের সদস্যরা রপ্তানির সম্ভাবনা ও করণীয় বিষয়ে একটি কর্মপরিকল্পনা দেবেন। সেটি পাওয়া গেলে রপ্তানির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হবে।
এ ছাড়া বাজারজাতকরণে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে বলে জানান ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা। ধীরে ধীরে নতুন বাজার তৈরি হবে বলে তিনি আশাবাদী।