ট্রেন আসতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের কেউ মোবাইল ফোনে ব্যস্ত, কেউবা সময় কাটাচ্ছেন এদিক-ওদিক ঘুরে। এর মধ্যেই কারও হাতে উঠে আসছে একটি বই। পছন্দের বইটি নিয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসেই শুরু করছেন পড়া। ট্রেনের অপেক্ষার এই সময়টুকুতে মোবাইলের পর্দায় ডুবে থাকার বদলে বইয়ের পাতায় ডুবে থাকার সুযোগ করে দিয়েছে ছোট্ট একটি পাঠাগার।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ২৭ বছর বয়সী তরুণ শাহ ওয়াকিলুর রহমান (রাহাত)। স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণের দেয়ালে একটি কাঠের বাক্স স্থাপন করে গড়ে তুলেছেন মিনি লাইব্রেরি। নাম দিয়েছেন ‘বইঘর’। এতে রয়েছে বিভিন্ন লেখকের ২৫ থেকে ৩০টি বই। ট্রেনের জন্য অপেক্ষার সময় যাত্রীরা সেখান থেকে পছন্দের বই নিয়ে পড়তে পারেন। পড়া শেষে আবার নির্দিষ্ট স্থানে রেখে দেন। চাইলে নিজের সংগ্রহে থাকা বইও অন্যদের জন্য যে কেউ রেখে যেতে পারেন।