হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন মঞ্জু দেব (৫৬)। ছেলে বিপ্লব দেবকে বলেছিলেন, ‘সারা দিন কিছু খাসনি, একটু ভাত খেয়ে নে।’ মাকে হাসপাতালে রেখে যেতে চাইছিলেন না বিপ্লব। তাই মাকে আশ্বস্ত করেছিলেন, কাছেই থাকবেন। কোনো সমস্যা হলে যেন ফোন করা হয়। তখনো জানতেন না, মায়ের সঙ্গে এটাই তাঁর শেষ কথা।
গত সোমবার। রাত তখন নয়টার কাছাকাছি। মাকে হাসপাতালে রেখে কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে যান বিপ্লব। রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন আসে। ফোনে জানান, মায়ের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। শরীর কাঁপছে। অবস্থা ভালো মনে হচ্ছে না।