পুলিশ তাঁকে খুঁজছে। অথচ নিজেই চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করে প্রায় ১০ মিনিট কথা বলেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। ওই কর্মকর্তা তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, দিয়েছেন নিরাপত্তার আশ্বাসও। কিন্তু তাতে রাজি হননি রায়হান। উল্টো দাবি করেছেন, পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে পালিয়ে গেছেন তিনি। পুলিশ তাঁকে খুঁজে পাবে না বলেও ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথম আলোকে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন।