শরীর সুস্থ রাখতে নিয়মিত ফল খান অনেকে। শিশুদেরও ফল খাওয়ানো হয়। কারও পছন্দ কলা, কারও পেয়ারা। আমের মৌসুমে তো বটেই, সারা বছরই নানা রকম ফল থাকে খাবারের তালিকায়। কিন্তু প্রতিদিনের এসব ফলের মধ্যে ক্ষতিকর কিছু আছে কি না, তা জানতে চট্টগ্রামে পাঁচ ধরনের ফলের নমুনা পরীক্ষা করেছেন একদল গবেষক। তাতে পাওয়া গেছে পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি।
পরীক্ষায় সবচেয়ে বেশি পারদ পাওয়া গেছে পেয়ারা ও কলার কিছু নমুনায়। ক্রোমিয়াম বেশি পাওয়া গেছে আমে। আর পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় পাওয়া গেছে সিসা। কোনো কোনো ফলের নমুনায় একাধিক ক্ষতিকর ধাতুর উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি।