চলতি বছরের ৪ মার্চ গিয়েছিলাম ময়মনসিংহ শহরের ধোপাখলা এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে। প্রকৃতিতে তখন বসন্তকাল। হাসপাতালের সামনের ছোট্ট বাগানটি সাজানো নানা রঙের ফুলে। সেখানেই চোখ আটকে গেল ছোট ছোট সাদা-গোলাপি ফুলের এক মনোমুগ্ধকর গুচ্ছে। ফুলগুলো একসঙ্গে ফুটে যেন সবুজ পাতার ওপর ছড়িয়ে দিয়েছে রঙের মায়াবী আবরণ। ফুলটির নাম ব্যালেরিনা রোজ।
গোলাপ মানেই সৌন্দর্য, স্নিগ্ধতা আর মুগ্ধতার এক চিরন্তন গল্প। গোলাপের জগতে যেমন রয়েছে বড় ও জাঁকজমকপূর্ণ একক ফুলের বৈচিত্র্য, তেমনি রয়েছে ছোট ছোট ফুলের গুচ্ছে ফুটে ওঠা অনাড়ম্বর সৌন্দর্য। ব্যালেরিনা রোজ তেমনই এক ব্যতিক্রমী গোলাপ। অসংখ্য ছোট ফুলের সম্মিলনে গাছটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। হালকা গোলাপি আভা, সাদা পাপড়ি এবং সোনালি পুংকেশরের সমন্বয় ফুলগুলোকে দিয়েছে অনন্য সৌন্দর্য।