ঢাকা-চট্টগ্রাম পথে ‘মেগা’ প্রকল্প নিতে যাচ্ছে সরকার। লক্ষ্য, বিদ্যমান মহাসড়কটিকে প্রবেশ–নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর। প্রায় আড়াই শ কিলোমিটারের মহাসড়কটি কোথাও উড়ালপথে, কোথাও হবে মাটিতে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন মহাসড়কে প্রবেশ করতে পারবে না। প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। এখন সময় লাগে গড়ে সাত ঘণ্টা। যানজট, দুর্যোগে যাতায়াতের সময় আরও বাড়ে। এক্সপ্রেসওয়ে ব্যবহারে দিতে হবে টোল।
প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত যাবে। এটি বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) পথ অনুসরণ করবে। তবে সাধারণ মহাসড়কের মতো যেকোনো স্থান দিয়ে এতে যানবাহন ওঠানামা করতে পারবে না। নির্ধারিত প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার করতে হবে। পুরো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় ২৩৩ কিলোমিটার। এর মধ্যে ছয় লেনে দ্রুতগতির যানবাহন চলাচল করবে। স্থানীয় যানবাহন চলাচলের জন্য দুই পাশে আলাদা দুটি সড়ক থাকবে।