আজ শনিবার সকাল সাড়ে সাতটা। বৃষ্টি হচ্ছিল। স্ত্রী ও মেয়েকে নিয়ে পাবনা রেলস্টেশনে এলেন জেলা শহরের রাধানগর মহল্লার রাজিউর রহমান। গন্তব্য ঢাকা। বাস ছেড়ে সাতসকালে ট্রেন কেন, জানতে চাইলে বললেন, ‘ট্রেন স্বাচ্ছন্দ্যের বাহন। বহু বছর ধরে আমরা পাবনার মানুষ এই ট্রেনের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আশা পূরণ হইছে। তাই বউ-বাচ্চা নিয়ে ট্রেনেই ঢাকা যাব ঠিক করছি, টিকিটও কাটছি।’
স্ত্রী ও মেয়েকে নিয়ে ছেলেকে ট্রেনে তুলে দিতে এসেছিলেন পৈলানপুর মহল্লার কৃষিবিদ জাফর সাদিক। তিনি বললেন, ‘আমার ছেলে তো বড় হয়েছে, একাই যেতে পারত। তবে ট্রেনটি প্রতীক্ষিত। তাই একনজর দেখাও হলো, ছেলেকে ট্রেনে তুলে দেওয়াও হলো।’