টুপটাপ বৃষ্টি, হাতে খিচুড়ির ডেগ, মুখে স্লোগান। বৃষ্টির মধ্যেই গোপালগঞ্জে আনসার সদস্যদের জন্য খাবার নিয়ে হাজির হয়েছেন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতা–কর্মীরা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তাঁরা আনসার সদস্যদের হাতে খিচুড়ি তুলে দিচ্ছেন। আনসার সদস্যরাও সেই খাবার গ্রহণ করছেন। এমন বর্ণনা দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ছড়ানো ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশা থেকে বড় একটি সসপ্যান নামানো হচ্ছে। কয়েকজন ব্যক্তি সেটি হাতে নিয়ে আনসার সদস্যদের কাছে পৌঁছে দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘গোপালগঞ্জে বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’