ভ্যান চালাতে চালাতে সেদিন জোড়গাছা বাজারের একটি চায়ের দোকানের সামনে থামেন আবদুল আলিম। টেলিভিশনে ফুটবল খেলা চলছে। মাঠে আছে তাঁর মেয়ে তামান্না খাতুনও। একের পর এক গোল দিচ্ছে তার দল। দোকানভর্তি মানুষ আনন্দে চিৎকার করছেন। আর মেয়ের খেলা দেখে আনন্দে চোখ ভিজে আসে বাবার।
সেদিন ছিল ২০২৬–এর ২০ জুন। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে খেলছিল পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। দলের হয়ে একটি গোল করেছিল তামান্নাও।