জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো বরাবরই সোচ্চার। এবারও সংসদে সুযোগ পেলেই বিষয়টি সামনে আনবে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পাশাপাশি জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকটের বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি।
জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকট সম্পর্কিত বিষয়ের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পোশাকশিল্পের অস্থিরতা, জ্বালানিসংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি—এসব বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও সংসদে তুলতে চান তাঁরা।