আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁদের বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এর কারণ হিসেবে তিনি বলেন, এখন আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার মতো কেউ নেই; যেমনটি ১৯৭৫ সালের পরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে দেখা গেছে।
২০২৪ সালে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের ‘বিতাড়িত করাকে’ বাংলাদেশের জয় হিসেবে দেখছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ রোববার বিকেলে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটার হলে ‘চুয়াত্তরের দুর্ভিক্ষ: স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক সংকট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজের পঞ্চম পর্ব হিসেবে এ আলোচনার আয়োজক জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।