বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ রোববার বিকেলে দেবীদ্বার পৌরসভার কালাচান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউ মার্কেট চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রাশেদা বেগম। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।