দেশে ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ এই রোগে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৭ শতাংশ এখন ডায়াবেটিসে আক্রান্ত। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়ায়।
‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব পরামর্শ দেন চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। প্রচার সহযোগী প্রথম আলো।