উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন নেওয়া এ মাসেই শেষ হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আবেদন নেওয়া শুরু হবে এ মাসে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভর্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু করছে।