কোথাও চোখ বাঁধা অবস্থায় হাঁস ধরতে দিক্‌ভ্রান্ত ছোটাছুটি, কোথাও তৈলাক্ত কলাগাছে ওঠার প্রাণান্তকর চেষ্টা। পানিতে বালিশ যুদ্ধ ঘিরে হাসির রোল আবার হাঁড়ি ভাঙার লক্ষ্যভ্রষ্ট চেষ্টা দেখে দর্শকদের উচ্ছ্বাস। শিশু-কিশোরদের সঙ্গে খেলায় মেতেছেন তরুণ, মধ্যবয়সী এমনকি প্রবীণেরাও। বয়সের ব্যবধান ভুলে এক দিনের জন্য এভাবে উচ্ছ্বাসে মাতেন সবাই।
আজ রোববার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে বসেছিল গ্রামীণ খেলাধুলার এমনই এক মিলনমেলা। দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।