স্নাতকের শেষ, কিন্তু এই শেষ মানেই কি সত্যি শেষ? নাকি নতুন লড়াইয়ের প্রস্তুতি? সকালে ক্লাস, এর ফাঁকে আড্ডা, দুপুরে বাড়ি এসে মায়ের হাতের রান্না খেয়ে আরামের এক ভাতঘুম। শেষ বর্ষে এসে এই জীবন বদলে যায় চোখের পলকে। চাকরি, ইন্টারভিউ, সিভি—এ যেন হুট করে বড় হওয়ার চেষ্টা। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে নতুন চিন্তা—বিদেশ যেতে হবে।
জেন–জিদের মধ্যে ব্যাপক হারে বাড়ছে বিদেশ যাওয়ার প্রবণতা। উপাত্ত থেকে বোঝা যায় এই ধারা। ইউনেসকোর তথ্যমতে, ২০২৩ সালে বিদেশে উচ্চশিক্ষায় থাকা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫২ হাজার ৮০০। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ২৪ হাজারের কিছু বেশি। এক দশকে দ্বিগুণের বেশি। কিন্তু কেন এই প্রবণতা? কেনই–বা জেন–জিদের গন্তব্য এখন বিদেশ?