জেন-জির পৃথিবী বলতে আমরা আসলে কার পৃথিবীর কথা বলি? স্মার্টফোনে বিশ্বজয়ের স্বপ্ন দেখা নগরের তরুণের, নাকি সেই তরুণীর, যাঁর উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পরিবারের আর্থিক সামর্থ্যের কাছে থেমে যায়? বিশ্ববিদ্যালয়ে বসে বিসিএসের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীর, বিদেশে ভবিষ্যৎ খোঁজা স্নাতকের, নাকি অল্প বয়সেই পরিবারের জীবিকার দায় নেওয়া যুবকের?
তাঁরা একই সময়ে বেড়ে উঠছেন। একই পর্দায় দেখছেন সাফল্য, সম্পদ ও প্রতিষ্ঠার গল্প, সীমান্ত অতিক্রম করা সম্ভাবনার হাতছানি। অথচ সেই সম্ভাবনায় পৌঁছানোর পথ তাঁদের জন্য সমানভাবে খোলা নয়।