National
কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার
সড়কের পাশের একটি আমগাছে উঠে ডাল কাটছিলেন রমেশ বাস্কী। বাগানমালিকের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া ছিল। নিচে দাঁড়িয়ে সেই ডালগুলো কেটে এক জায়গায় জড়ো করছিলেন তাঁর স্ত্রী মারিয়া মুর্মু। তাঁরা রান্নার লাকড়ি সংগ্রহ করছিলেন। একসময়
লেখক ওমর ফারুক114K বার পড়া

সড়কের পাশের একটি আমগাছে উঠে ডাল কাটছিলেন রমেশ বাস্কী। বাগানমালিকের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া ছিল। নিচে দাঁড়িয়ে সেই ডালগুলো কেটে এক জায়গায় জড়ো করছিলেন তাঁর স্ত্রী মারিয়া মুর্মু। তাঁরা রান্নার লাকড়ি সংগ্রহ করছিলেন। একসময় তাঁরা যে মাঠে ধান রোপণ, কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকতেন, সেই মাঠের অনেকটাই এখন আমবাগান। ফলে কৃষিশ্রমিকের কাজ কমেছে। আমের মৌসুম শেষ হলে কাজের সন্ধানে অন্যের জমিতে ছুটতে হয়। সারা বছর কাজ মেলে না।
নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা গ্রামের বাসিন্দা মারিয়া (২৬) ও তাঁর স্বামী রমেশ (৩০) কৃষিশ্রমিক। তাঁরা সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ। বরেন্দ্র অঞ্চলের ধানখেতে বহু প্রজন্ম ধরে যাঁরা শ্রম দিয়ে আসছেন, তাঁদের বড় একটা অংশ সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর। মারিয়া ও রমেশের আবাদি জমি নেই, আছে শুধু বসতভিটা। দুই মেয়েকে নিয়ে চার সদস্যের সংসার। বড় মেয়ের বয়স ছয় বছর, ছোটটির মাত্র তিন মাস। মারিয়ার উপার্জন বন্ধ থাকলে স্বামীর একার আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।



