কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।