চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কৃষক নাজিম উদ্দিনের আমনখেতে ধান পাকতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই ধান কাটবেন। এ জন্য নোয়াখালী থেকে শ্রমিক আনার প্রস্তুতি নিচ্ছেন। তবে ভালো ফলনের আশা থাকলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। শ্রমিকের মজুরি, সারসহ অন্যান্য খরচ মিটিয়ে কত টাকা হাতে থাকবে, এখন সেই হিসাব মেলাতে হচ্ছে তাঁকে।
এবার প্রায় ৬৫ একর জমিতে আমন চাষ করেছেন নাজিম উদ্দিন। বেশির ভাগ জমিতে স্থানীয়ভাবে লেম্বু নামে পরিচিত ধান লাগিয়েছেন। রয়েছে রাজশাইল ও কালিজিরাও। তাঁর হিসাবে, ভালো ফলন হলে স্থানীয় কানিপ্রতি ৩০ থেকে ৩৫ মণ ধান পাওয়া যাবে।