নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নরসিংদী রেলস্টেশনের দুই প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর বা তার বেশি। তাঁর পরনে ছিল কালো শার্ট ও লুঙ্গি।
রেলওয়ে পুলিশ জানায়, নরসিংদী সরকারি কলেজের তিন শিক্ষার্থী ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে তাঁদের সহযোগিতায় অটোরিকশায় ওই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।