মা হারিয়ে দুই শিশু কান্না করছে—এমন একটি ভিডিও দেখা যায় ফেসবুকে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘পুলিশের সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা হামলা করে এক নারী গার্মেন্টস শ্রমিককে হত্যা করে লাশ গুম করে ফেলছে। অবুঝ ছোট একটা বাচ্চাসহ স্বজনদের আহাজারি।’
তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি চলমান শ্রমিক আন্দোলনে নিহত কোনো নারী শ্রমিকের স্বজনদের আহাজারির দৃশ্য নয়। গত ১৬ অক্টোবর সাভারের আশুলিয়ার নোয়াপাড়ায় ডেকো গ্রুপের আগামী ফ্যাশন লিমিটেড কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুমি আক্তার (২৭) নামের এক নারী শ্রমিক। পরে তাঁকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেই ঘটনার ভিডিও।