বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর নেতৃত্বে নতুন মেয়াদে বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে ঘোষিত ৭৭টি সাংগঠনিক শাখার ৫১টিতেই আমির পদে বহাল আছেন আগের নেতারা। তাঁদের মধ্যে অন্তত ১০ জেলার আমির এক দশক বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ঝালকাঠিতে ২০০৪ সাল থেকে আমির পদে থাকা হাফিজুর রহমানও আবার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে খাগড়াছড়িতে প্রায় ২৮ বছর ধরে আমিরের দায়িত্ব পালন করা সৈয়দ মো. আবদুল মোমেনের জায়গায় এসেছেন মিনহাজুর রহমান। তিনি আগে জেলা শাখার সেক্রেটারি ছিলেন। লক্ষ্মীপুর, জয়পুরহাট, বরিশাল, রাজবাড়ী ও খুলনা জেলায়ও নেতৃত্ব বদল হয়েছে। এসব জেলায় ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত একই ব্যক্তি আমিরের দায়িত্বে ছিলেন।