দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ। কখনো দাঁড়িয়ে, কখনো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একাধিক খাঁচায় দেখা মেলে এমন হরিণের। দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় এই প্রাণী চাইলে বাড়িতেও পালন করতে পারেন। কারণ, জাতীয় চিড়িয়াখানায় উদ্বৃত্ত থাকা হরিণ বিক্রি করা হয়। প্রতিটি হরিণের দাম ৫০ হাজার টাকা। তবে একটি নয়, কিনতে হবে কমপক্ষে এক জোড়া—একটি পুরুষ ও একটি মাদি হরিণ।
জাতীয় চিড়িয়াখানায় চিত্রা, মায়া ও সাম্বার—এই তিন প্রজাতির হরিণ আছে। এর মধ্যে চিত্রা হরিণের সংখ্যা সবচেয়ে বেশি। তাই মূলত এই প্রজাতির হরিণই বিক্রি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ব্যক্তিগত শখে লালন–পালন কিংবা বাণিজ্যিক খামার করার জন্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব হরিণ কেনেন।