একসময় এখানে ছিল তিনতলা বিশাল প্রাসাদ। সারি সারি স্তম্ভ, খিলান আর কারুকাজে সাজানো ভবন। সামনে বিস্তীর্ণ মাঠ, পাশে বড় পুকুর, পাকা ঘাট, নহবতখানা আর জোড়া শিবমন্দির। জমিদারি ঐশ্বর্যের সেই স্মৃতি এখন ধ্বংসের পথে। ছাদের বড় অংশ ধসে পড়েছে। দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে ইট। কোথাও আগাছার আড়ালে হারিয়ে গেছে স্থাপনার চিহ্ন।
সাতক্ষীরার শ্যামনগর সদর থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এগোলেই নকিপুর জমিদারবাড়ি। গত সোমবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, পশ্চিম অংশের কিছু স্তম্ভ ও খিলান এখনো টিকে আছে। পূর্ব পাশের দীর্ঘ ভবনটির অধিকাংশ দেয়াল ধসে পড়েছে। একসময় ২১২ ফুট দীর্ঘ এই ভবনের চারপাশ এখন কলাগাছ, ঘাস ও আগাছায় ঢাকা।