২৭ অক্টোবর। রাজধানীর হাতিরঝিলের মধুবাগ সেতু থেকে মীরবাগের দিকে সড়কে অটোরিকশার ভিড়ের মধ্যে প্যাডেলচালিত রিকশা নিয়ে মগবাজারের দিকে এগোচ্ছিলেন বকুল আলী। কথা বলতে চাইলে হাসিমুখে বললেন, ‘বলেন, বলেন, কী কথা।’
রিকশা রাস্তার পাশে রেখে চালকের আসনে বসলেন। মাথার চুল সাদা, বুক পর্যন্ত নেমেছে লম্বা সাদা দাড়ি। পরনে মলিন বাদামি শার্ট, বুকপকেটের ওপরটা খানিক ছেঁড়া। ছবি তোলার কথা বলতেই রাজি হলেন। মুঠোফোনে নিজের ছবি দেখে বললেন, ‘ভালোই হইছে।’
বাড়ি রংপুরের পীরগঞ্জে। বয়স জানতে চাইলে বললেন, ৭৭ বছর। চেহারায় বয়সের ছাপ থাকলেও দেখে ততটা মনে হয় না। সে কথা বলতেই হাসলেন, কিছু বললেন না।