মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে আজ শুক্রবার ভোরে ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কাটেন মো. নাছির মিয়া (৫০)। শৌখিন এই মাছশিকারি বিকেল চারটার দিকে শিকার করেন প্রায় সাত কেজি (৬ কেজি ৮৮৫ গ্রাম) ওজনের একটি কাতলা মাছ। এই এক কাতলাতেই তিনি প্রথম হয়ে পুরস্কার জিতেছেন দুই লাখ টাকা।
সকাল থেকে বড়শি ফেলে অপেক্ষায় থাকলেও কাতলা মাছটি ধরার আগে–পরে আর কোনো মাছ শিকার করতে পারেননি নাছির। তবে শেষ হাসিটি হাসলেন তিনিই।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বীরেশ দিঘিতে বড়শি দিয়ে আজ মাছ ধরার প্রতিযোগিতা হয়। জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে ২৪ জন প্রতিযোগী অংশ নেন। এতে আয়োজকেরা পেয়েছেন প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা। আর ২৪ জন প্রতিযোগীর জন্য ছিল ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।