National
আখতার হুসেন প্রেরণা হয়ে থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির যাত্রাপথে
ছড়াকার আখতার হুসেন তাঁর যে রচনার সম্পদ রেখে গেছেন, তা চিরকাল মানুষের মুক্তির পথযাত্রায় অনুপ্রেরণা জোগাবে। তাই শারীরিকভাবে চলে গেলও তিনি কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না। তিনি থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির পথযাত্রায় চিরকা
লেখক বিশেষ প্রতিনিধি88K বার পড়া

ছড়াকার আখতার হুসেন তাঁর যে রচনার সম্পদ রেখে গেছেন, তা চিরকাল মানুষের মুক্তির পথযাত্রায় অনুপ্রেরণা জোগাবে। তাই শারীরিকভাবে চলে গেলও তিনি কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না। তিনি থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির পথযাত্রায় চিরকালের সঙ্গী হয়ে। আজ শুক্রবার বিকেলে আখতার হুসেনের নাগরিক শোকসভা ও স্মরণানুষ্ঠানে বক্তারা এভাবেই তাঁকে স্মরণ করলেন।
রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার দাদা ভাই সম্মেলনকক্ষে এই নাগরিক শোকসভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। আখতার হুসেনের স্বজনেরা এই আয়োজন করেন। বিভিন্ন পর্যায়ে তিনি যেসব সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন, সেই কেন্দ্রীয় খেলাঘর আসর, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নবীন-প্রবীণ নেতা–কর্মী, সংগঠক, শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। স্মৃতিচারণা, কাজের মূল্যায়ন আর সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত শিশুসাহিত্যিক, ছড়াকার, গীতিকবি, নাট্যকার, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আখতার হুসেনের প্রতি।



