বৃষ্টি নামতেই কোলের শিশুকে আগলে রাখতে ব্যস্ত হয়ে পড়েন মা। এক হাতে সন্তান ধরে রাখছেন, অন্য হাতে ভারী ব্যাগ সামলাচ্ছেন। বাসের জন্য অপেক্ষমাণ এক মা হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে কী করবেন, ভেবে পাচ্ছিলেন না। দুই বছর আগে কাপাসিয়া-জয়দেবপুর সড়কের পাতলা মোড়ে এ রকম একটি দৃশ্য দেখে খারাপ লেগেছিল বাবুল শেখের। তখন তাঁর মনে হয়েছিল, রাস্তার পাশে যাত্রীছাউনি থাকলে অনেক মানুষের উপকার হতো।
খোলা আকাশের নিচে বৃষ্টিতে এক মায়ের নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি কিছুতেই ভুলতে পারছিলেন না বাবুল শেখ। দিনমজুরের কাজ করে কোনোরকমে সংসার চালানো এই মানুষ একটি পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, সামর্থ্য যতটুকুই হোক না কেন, কিছু একটা তিনি করবেন।