ফারজানা আক্তার নিজে সেলাইয়ের কাজ করে মাসে আয় করেন এক থেকে দেড় হাজার টাকা। স্বামীর মাসিক আয় পাঁচ হাজার টাকা। এই সামান্য আয় দিয়েই চালাতে হয় সংসার। তাঁদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে।
সেলাই মেশিনে পা চালানোর ফাঁকে ফাঁকে সংসারের হিসাব মেলান ফারজানা। বয়স চল্লিশের কাছাকাছি। কত টাকায় কাপড় কিনতে হবে, সেলাই করে কত আয় হবে, সেই টাকা দিয়ে কোন খরচ মেটাবেন—এসব ভাবনা ঘুরেফিরে আসে তাঁর দৈনন্দিন জীবনে। নিজের অনেক চাওয়া অপূর্ণ থাকলেও ছেলেমেয়ের পড়াশোনা যেন থেমে না যায়, সেটাই তাঁর বড় স্বপ্ন।