রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। গাড়িতে থাকা মালপত্র ও নথি পুড়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মীদের ভাষ্য, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল ব্যক্তি এসে কাভার্ড ভ্যানটিতে হামলা চালান। প্রথমে তাঁরা গাড়িটি ভাঙচুর করেন। পরে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।