একতলা বাড়িটি ১ হাজার ৬০০ বর্গফুটের। ছাদজুড়ে প্লাস্টিকের ছোট–বড় ড্রাম কেটে সারি সারি বসানো হয়েছে দেশি–বিদেশি নানা প্রজাতির ফলগাছ। আছে ফুলের গাছও। জামালপুর শহরের শাহপুর এলাকার এই ছাদবাগান গড়ে তুলেছেন তানজিদ ইসলাম (২৬)।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানজিদ। তিনি তোফাজ্জল হোসেন ও মনোয়ারা বেগম দম্পতির ছোট ছেলে। স্কুলজীবন থেকেই গাছের প্রতি তাঁর আকর্ষণ। সেই টান থেকেই একটু একটু করে গড়েছেন বাগানটি। এখন সেখানে প্রায় ৭০ ধরনের ফলদ ও ৫০ ধরনের ফুলগাছ আছে।