একসময় চারপাশে ছিল ফসলের মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ। পথের পাশে দাঁড়িয়ে ছিল বিশাল এক বটগাছ। ক্লান্ত পথচারীরা গাছটির ছায়ায় বিশ্রাম নিতেন। আশপাশের গ্রামের কিশোর-তরুণেরা সেখানে বসে আড্ডা দিতেন, খেলাধুলা করতেন।
সেই মেঠো পথ একসময় ইট বিছানো সড়কে পরিণত হয়। চলাচল শুরু হয় বাস, রিকশা ও ভ্যানের। কিন্তু একই এলাকায় কাছাকাছি দূরত্বে দুটি কোটাপাড়া থাকায় পথচারী ও যানবাহনের চালকদের বিভ্রান্তিতে পড়তে হতো। সেই বিভ্রান্তি দূর করতে একটি কোটাপাড়ার নামকরণ করা হয় ‘প্রেমতলা’। শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঘিয়ার একটি অংশে এই ‘প্রেমতলা’র অবস্থান।