ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের রোষের মুখে পড়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। ঘুষ নেওয়ার অভিযোগ তুলে গতকাল বুধবার তাঁকে ঘিরে ধরেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। একপর্যায়ে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ছাড়তে হয় তাঁকে।
ঘটনার পর নিজের অবস্থান তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দিয়েছেন এই ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে লোকজন জড়ো করা হয়েছিল। তবে তাঁর সেই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি সংশ্লিষ্ট ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ থেকে বিরত রাখার সুপারিশ করেছেন।