দুই যুগ আগের অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ। সেই মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে আছেন মো. আলমাস নামের আরেক ব্যক্তি। তবে তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা মো. আলমাস। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে আলমাস (কারাগারে থাকা) এবং দণ্ডিত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন। আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তাঁর তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান (তদন্ত) পরিচালনা করতে বলা হয়। আদেশ পাওয়ার তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় প্রতিবেদন আদালতে জমা পড়ে।