গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে লোডশেডিংয়ের কারণে টিফিনের পর বিদ্যালয় ছুটি দেন প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের চারতলায় শ্রেণিকক্ষের সামনে করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে। ভিডিওটি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার নজরে এলে তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর হককে বিষয়টি জানান।