কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ সময় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।