পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজের পর এক স্কুলছাত্রীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে শুরু করেন। বিকেলে বিদ্যালয়ে খোঁজ নিলে শিক্ষকেরা জানান, সে পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে উপস্থিত হয়নি। এরপর তারা মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।