খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। কিছুক্ষণ কথা বলার পর তাঁরা তরিকুলের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।