ভোরের আলো ফুটতেই ব্রহ্মপুত্র নদের তীরে একে একে ভিড়তে থাকে নৌকা। জেলেদের হাঁকডাক আর ব্যবসায়ীদের দর-কষাকষিতে মুখর হয়ে ওঠে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার গাতিরঘাট। মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারা ব্যস্ত পছন্দের মাছ বেছে নিতে। স্থানীয় জেলেদের দাবি, প্রায় ২০০ বছর ধরে এভাবেই চলে আসছে এই হাট।
প্রতিদিন দুই দফায় বসে হাট। সকাল ছয়টায় প্রথম দফা, চলে প্রায় এক ঘণ্টা। দ্বিতীয় দফা শুরু হয় বেলা আড়াইটার দিকে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদী থেকে মাছ ধরে জেলেরা এখানে নিয়ে আসেন। দুই দফায় প্রায় ১৫০টি নৌকা ভেড়ে ঘাটে। জেলেরা বলেন, বাপ-দাদার আমল থেকেই তাঁরা এই ঘাটে মাছ বিক্রি করে আসছেন।