কক্সবাজারের টেকনাফে মাদক–সংক্রান্ত বিরোধের জেরে চার যুবককে পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট কার্যালয়ের পাশের একটি পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার প্রয়াত আবদুস সালামের ছেলে মোকতার কামাল (৩৭) এবং উখিয়া উপজেলার বালুখালী এলাকার আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আকবর (৩২)।