বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ ওই তরুণীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, এই তরুণী ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে তরুণীর কোনো বাগ্‌বিতণ্ডা হয়েছিল কি না, তাঁদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল কি না, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং এই তরুণী ও দীপের বক্তব্য ক্রসচেক করার জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।