খাঁচার ভেতরে কুমির, সিংহসহ নানা ধরনের পশুর প্রতিকৃতি। কে কোন পশুর নাম আগে বলতে পারে, তা নিয়ে চলছে প্রতিযোগিতা। শিশুদের আরেকটি দলকে শেখানো হচ্ছে কোন ফুলের কী নাম। যাঁকে কেন্দ্র করে শিশুদের জটলা, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। পাঁচ বছর আগে অবসর নিলেও শিশুদের পড়ানো আর তাদের সঙ্গে থাকার অভ্যাস ছাড়তে পারেননি তিনি।
শামসুর রহমানের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের ধন্টিপাড়ায়। স্থানীয় চাঁচাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ২০২১ সালে অবসরে যাওয়ার পর নিজের পেনশনের টাকা দিয়ে বাড়ির আঙিনায় শিশুপার্কের আদলে গড়ে তুলেছেন ‘প্রকৃতির পাঠশালা’। তবে স্থানীয় মানুষের কাছে এটি শিশুপার্ক বা বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত।